ভরা কোটাল, নিম্নচাপের চোখরাঙানি, সুন্দরবনে ২০০ ফুট নদীবাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

Must Read

উত্তর ২৪ পরগনা: ভরা কোটাল এবং নিম্নচাপের আশঙ্কার মধ্যে সুন্দরবনের (Sundarban) নদীবাঁধে ধস নামায় উদ্বেগ বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার সন্দেশখালি, হাসনাবাদ-সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে নদীবাঁধ সংস্কার না হওয়ার অভিযোগ উঠেছে। তার জেরেই কোথাও কোথাও বাঁধের মাটি আলগা হয়ে ধস নামতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি।

সবচেয়ে উদ্বেগের ছবি হিঙ্গলগঞ্জের রমাপুর এলাকায়। রায়মঙ্গল নদীর বাঁধের প্রায় ২০০ ফুট অংশে ধস নেমেছে বলে স্থানীয় সূত্রে খবর। গত কয়েক দিনের বৃষ্টির পরেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নদীর জল বাড়লে কিংবা ভরা কোটালের সময় জলের চাপ আরও বৃদ্ধি পেলে এই অংশটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়েরা।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

নদীবাঁধে বড়সড় ফাটল বা ধস দেখা দিলেও এখনও তা দ্রুত মেরামত করা হয়নি বলে অভিযোগ। ফলে নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বাঁধ ভেঙে গেলে রমাপুর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তাঁদের জীবনযাপন। বাঁধই তাঁদের একমাত্র ভরসা। সেই বাঁধে ধস নামার পর থেকে আতঙ্কে দিন কাটছে তাঁদের। রাত বাড়লেই দুশ্চিন্তা আরও বাড়ছে—জলের চাপ বাড়লে কখন বিপদ নেমে আসে, সেই আশঙ্কায় প্রহর গুনছেন নদীপাড়ের মানুষ।

শুধু হিঙ্গলগঞ্জ নয়, বসিরহাট মহকুমার একাধিক নদীবাঁধের অবস্থাও উদ্বেগজনক বলে স্থানীয়দের দাবি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বাঁধ দুর্বল হয়ে পড়েছে বলেই অভিযোগ।

এই পরিস্থিতিতে দ্রুত ধসের অংশ মেরামত এবং বাঁধের স্বাস্থ্য পরীক্ষা করার দাবি উঠেছে। বিশেষ করে নিম্নচাপ ও ভরা কোটালের আগে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে, এখন সেই দিকেই তাকিয়ে নদীপাড়ের বাসিন্দারা।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This