ওয়েব ডেস্ক : রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (Gas eKYC) সম্পূর্ণ করার সময়সীমা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। আগে ১৬ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, সেই সময়সীমা বাড়িয়ে আগামী ২৩ অগস্ট পর্যন্ত করা হয়েছে। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের ডিলারদের কাছে মেয়াদ বৃদ্ধির বিষয়ে নির্দেশ পৌঁছেছে বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির এলপিজি গ্রাহকদের আধারভিত্তিক ফেসআইডি যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি (eKYC) সম্পূর্ণ করতে হবে। ই-কেওয়াইসি না করালে ভবিষ্যতে রান্নার গ্যাসের জন্য বাড়তি দাম দিতে হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। তবে অতিরিক্ত কত টাকা দিতে হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও ঘোষণা করা হয়নি।
আরও খবর : অ্যাসিড আক্রান্তদের রেলযাত্রায় ছাড়, নতুন নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
ই-কেওয়াইসি নিয়ে সময়সীমা ঘিরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ১৫ ও ১৬ অগস্ট ছুটির দিন হওয়ায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে চিন্তায় ছিলেন। সেই পরিস্থিতিতে আরও এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন বহু গ্রাহক।
অনলাইন এবং অফলাইন—দুই পদ্ধতিতেই ই-কেওয়াইসি করা যাবে। নির্দিষ্ট গ্যাস সংস্থার অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা সম্ভব। আধারভিত্তিক পরিচয় যাচাইয়ের জন্য ‘Aadhaar Face RD’ অ্যাপের প্রয়োজন হতে পারে। অনলাইনে সমস্যা হলে গ্রাহকেরা গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ই-কেওয়াইসি করতে পারবেন। সেক্ষেত্রে সঙ্গে আধার কার্ড রাখতে হবে।
