নয়াদিল্লি: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন এবং চর্বি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এই ধরনের খাদ্যপণ্যের ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক করতে প্যাকেটে স্পষ্ট সতর্কীকরণ লেবেল দেওয়ার বিষয়টি নিয়ে এ বার কেন্দ্রকে কড়া সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্র ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-র ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্দেশ কার্যকর না হলে আদালত নিজেই প্রয়োজনীয় নির্দেশ জারি করতে পারে।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কতামূলক লেবেলিংয়ের বিষয়ে শিল্পমহলের আপত্তির কারণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এফএসএসএআইয়ের ৭ মার্চের বৈঠকের কার্যবিবরণীও আদালতের সামনে তুলে ধরা হয়।
আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির
শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কি কোনও কর্পোরেট সংস্থার চাপের মধ্যে রয়েছে? আদালতের বক্তব্য, বিষয়টি সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও শিল্পগোষ্ঠীর চাপের প্রভাব থাকা উচিত নয়।
প্যাকেটের গায়ে সতর্কবার্তা দেওয়ার পরিবর্তে অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট এবং নুনের দৈনিক সুপারিশকৃত মাত্রা একটি সারণির মাধ্যমে দেখানোর প্রস্তাবের কথাও উঠে আসে শুনানিতে। এই অবস্থান নিয়েও আদালত অসন্তোষ প্রকাশ করে। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ব্রিজেন্দ্র চাহার সরকারের কর্মপন্থা ব্যাখ্যা করার জন্য সময় চান। তবে বেঞ্চ স্পষ্ট করে দেয়, আদালত যে নির্দেশ দিয়েছে, সরকারকে সেই অনুযায়ীই পদক্ষেপ করতে হবে।
