কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগেই চালু হতে চলেছে রাজ্য সরকারের বহুল প্রতীক্ষিত ‘যুবশক্তি’ (Yuvashakti Portal) পোর্টাল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে প্রশাসনিক সূত্রে খবর। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে পুজোর আগেই আবেদন গ্রহণ শুরু হতে পারে।
সরকারি সূত্রের দাবি, ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় কর্মহীন গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ৩ হাজার টাকা এবং কর্মহীন নন-গ্র্যাজুয়েটরা মাসে ২ হাজার টাকা করে ভাতা পাবেন। আগে চালু থাকা যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের তুলনায় এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। অতীতে ওই দুই প্রকল্পে মাসিক ভাতা ছিল দেড় হাজার টাকা।
জানা গিয়েছে, যুবশ্রী এবং যুবসাথী, দুই প্রকল্পকেই একত্রিত করে ‘যুবশক্তি’ নামে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। গোটা প্রকল্পের দায়িত্ব থাকবে যুবকল্যাণ দপ্তরের হাতে। উপভোক্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি সমীক্ষাও চালানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের পাশে থাকার লক্ষ্যেই এই প্রকল্প। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতার শর্ত পোর্টাল চালুর সময় বিস্তারিত জানানো হবে।
নির্বাচনের আগে বেকারভাতার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর বাজেটেও সেই ঘোষণা করা হয়। এবার পোর্টাল চালু হলে কয়েক লক্ষ যুবক-যুবতী সরাসরি আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। ফলে পুজোর আগেই ‘যুবশক্তি’ প্রকল্পকে ঘিরে শিক্ষিত বেকারদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে।
