মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! পরিচিতদের কাছে টাকা চেয়ে বার্তা, সতর্ক করলেন ক্ষুদিরাম টুডু

Must Read

ওয়েব ডেস্ক : সাইবার প্রতারকদের নিশানায় এবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu)। তাঁর হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁর পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। ঘটনার কথা প্রকাশ্যে এনে সকলকে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে পোস্ট এবং একটি ভিডিওবার্তা প্রকাশ করে ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu) জানান, তাঁর নম্বর থেকে কেউ যদি টাকা, আর্থিক সাহায্য বা কিউআর কোড পাঠানোর অনুরোধ করেন, তাহলে যেন কেউ সেই ফাঁদে পা না দেন। কোনও অবস্থাতেই টাকা পাঠাতে নিষেধ করেছেন তিনি। ভিডিওবার্তায় মন্ত্রী দাবি করেন, তাঁর ৯৪৭৪৭৭৮৮৯৮ নম্বরটি হ্যাক হয়েছে এবং ওই নম্বর ব্যবহার করেই প্রতারণার চেষ্টা চলছে।

মন্ত্রী আরও জানান, হ্যাক (Hack) হওয়ার পর থেকেই একাধিক পরিচিত ব্যক্তির কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে বার্তা পাঠানো হয়। অভিযোগ, কারও কাছে ৪৫ হাজার, কারও কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের কাছেও ১ লক্ষ ১০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, বর্ধমান শহরের খালাসিপাড়ার বাসিন্দা ও মন্ত্রীর পরিচিত শেখ সোহরাবের কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর আরও টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আরও খবর : সবজির ট্রের নিচে লুকিয়ে গরু পাচার! দাসপুরে পুলিশের জালে ট্রাক, উদ্ধার ৯টি গরু

ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার সাইবার সেলের পুলিশ মন্ত্রীর বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই বিষয়টি জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সাইবার থানার পুলিশ কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করা হল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে।

এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন ক্ষুদিরাম টুডু। তাঁর নাম বা পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ করলে তা যাচাই না করে কোনওভাবেই টাকা না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে এই ধরনের প্রতারণা থেকে অন্যদেরও সচেতন করতে সতর্কবার্তাটি ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন মন্ত্রী।

Latest News

কলকাতার পুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! চতুর্থী থেকেই বদলাবে আবহাওয়া, ভাসবে কোন কোন জেলা?

ওয়েব ডেস্ক : পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। চতুর্থীতেই শহর থেকে জেলার পুজোমণ্ডপগুলিতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। রাত জেগে ঠাকুর...

More Articles Like This