27.1 C
Kolkata

উচ্ছেদের পর ফের বেআইনি নির্মাণ হলে রেয়াত নয়, ভিআইপি রোড মামলায় রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের

Must Read

কলকাতা: উল্টোডাঙা (Ultodanga) থেকে বিমানবন্দরগামী ভিআইপি রোডের (VIP Road) ধারে বেআইনি দখলদারি ও নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলায় ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (High Court)। উচ্ছেদের পর একই জায়গায় আবার বেআইনি নির্মাণ হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্যকে স্পষ্ট সতর্কবার্তা দিল ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, চিহ্নিত ২৪টি বেআইনি নির্মাণের মধ্যে ইতিমধ্যে ১০টি সরানো হয়েছে। বাকি নির্মাণগুলিও পর্যায়ক্রমে উচ্ছেদের কাজ চলছে। তবে এই দাবিতে সন্তুষ্ট নয় আবেদনকারী পক্ষ। তাদের আইনজীবীর অভিযোগ, বাস্তবে এখনও কোনও দখলদারকেই সরানো হয়নি।

আরও পড়ুন: ব্যাগে ৭০৭টি বিদেশি কচ্ছপ! ব্যাংকক থেকে কলকাতায় নেমেই ধরা পড়লেন চেন্নাইয়ের যাত্রী

শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, উচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই অনেক ক্ষেত্রে ফের একই জায়গায় বেআইনি দখল ও নির্মাণ শুরু হয়ে যায়। আদালত এমন পরিস্থিতি মেনে নেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে আশ্বস্ত করে বলেন, এবার আর সেই পরিস্থিতি তৈরি হবে না। এটি কোনও রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, প্রশাসনিক অঙ্গীকার। নতুন করে কাউকে বেআইনিভাবে বসতে দেওয়া হবে না।

অন্যদিকে আবেদনকারী পক্ষের দাবি, কেষ্টপুর থেকে দমদম পার্ক পর্যন্ত সেচ দফতরের জমি দখল করে বহু বেআইনি বসতি গড়ে উঠেছে। সেই অভিযোগেরও উল্লেখ করা হয় আদালতে।

শুনানির শেষে আদালত জানায়, জেলা শাসকের রিপোর্টের ভিত্তিতেই আপাতত এগোনো হবে। তবে ভবিষ্যতে রিপোর্টে উচ্ছেদের দাবি জানানো হলেও বাস্তবে যদি ফের বেআইনি নির্মাণ হয়, তাহলে আদালত কঠোর অবস্থান নেবে। মামলার পরবর্তী শুনানি ১৮ আগস্ট। ওই দিন জেলা শাসককে ফের আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

More Articles Like This