ওয়েব ডেস্ক : ইরানকে (Iran) ঘিরে ফের চড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সামরিক হামলার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়াকেও চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক পোস্টে ইরানের অর্থনীতি, তেল রফতানি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিশানা করেন ট্রাম্প।
এই পোস্টগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি মানচিত্র। সেখানে ইরানের মানচিত্রের উপর ট্রাম্পের পাশ থেকে দেখা মুখের অবয়ব বসানো হয়েছে। এর মাধ্যমে ইরানের উপর আমেরিকার প্রভাব ও আধিপত্যের একটি প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি ইরানের তেল রফতানি কমে যাওয়ার দাবিও করেছেন ট্রাম্প। একটি গ্রাফিকে ইরানের তেল রফতানি প্রায় ধসে পড়ার ছবি দেখানো হয়েছে। ইরানের মুদ্রা রিয়ালের দুর্বলতা নিয়েও পোস্ট করেছেন তিনি।
আরও খবর : UN-এর বিশ্ব মানচিত্র প্রস্তাবে ভারতের সমর্থন, তবে কড়া হুঁশিয়ারি ভারতের
শুধু অর্থনীতি নয়, ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপ নিয়েও হুঁশিয়ারির সুর রয়েছে ট্রাম্পের পোস্টে। AI দিয়ে নির্মিত একটি ছবিতে তেল স্থাপনার দিকে বিমান হামলার দৃশ্য দেখিয়ে ‘Bye Bye, Kharg’ বার্তা দেওয়া হয়েছে। খার্গ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র হওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়েও উত্তেজনা অব্যাহত। ট্রাম্প এর আগে এই কৌশলগত জলপথের নাম ‘Trump Strait’ করার কথা তুলেছিলেন। পাল্টা ইরানও জানিয়েছে, ভবিষ্যতে তাদের স্বার্থ বা নিরাপত্তার উপর হামলা হলে আরও দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।
