26.2 C
Kolkata

২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কড়া লালবাজার, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

Must Read

কলকাতা: ২১ জুলাই (July 21) তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার ট্রাফিক ব্যবস্থায় একগুচ্ছ বিশেষ বিধিনিষেধ জারি করল লালবাজার (Laalbazar)। শহরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দ মোটর ভেহিকল আইন ও ট্রাফিক বিধি মেনে বিশেষ নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ পণ্যবাহী ও মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বা কড়া নিয়ন্ত্রণ থাকবে। এই তালিকায় রয়েছে নিউ রোড, ডাফরিন রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, চৌরঙ্গি রোড এবং জওহরলাল নেহরু রোড।

আরও পড়ুন: বাংলায় করোনার থাবা! কলকাতার দুই হাসপাতালে ভর্তি চারজন

তবে জরুরি পরিষেবাকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডার, সিএনজি, পেট্রল-ডিজেল, অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল ও আনাজপাতি বহনকারী যান স্বাভাবিক নিয়মেই চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, সমাবেশ উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত অংশ, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথেড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে কোনও ধরনের গাড়ি পার্কিং করা যাবে না।

এছাড়াও পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী শহরের প্রধান ও সংযোগকারী রাস্তা থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে। ফলে মঙ্গলবার শহরে বেরোনোর আগে বিকল্প রুট পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রাফিক নির্দেশিকা শুধুমাত্র ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে কার্যকর থাকবে। তবে অন্যান্য দিনের মতো প্রচলিত ট্রাফিক আইন ও বিধিনিষেধও একই সঙ্গে বলবৎ থাকবে।

Latest News

ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিদ্যুৎ...

More Articles Like This