ওয়েব ডেস্ক: বলিপাড়ায় নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারলেন বলিউড (Bollywood) অভিনেতা আমির খান (Amir Khan) এবং গৌরী স্প্র্যাট। মুম্বইয়ে (Mumbai) অভিনেতার বাসভবনেই বিশেষ বিবাহ আইনের আওতায় সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
বিয়ের দিন দু’জনের পোশাকেও ছিল মিল। আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে সাজেন আমির ও গৌরী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গৌরীর ছেলের উপস্থিতি। রেজিস্ট্রি বিয়ের সময় মায়ের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর পরনে ছিল ইন্টার মায়ামি এফসি-র জার্সি।
আরও পড়ুন: ৬ বছর পর বড় পর্দায় সেলিনা জেটলি
শপথবাক্য পাঠের সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকেন উপস্থিত অতিথিরা। গৌরী বলেন, “আমি গৌরী স্প্র্যাট, বিয়ে করলাম আমির খানকে। আমার আশ্রয়, আমার সুরক্ষাদাতা।” স্ত্রীর এই কথার পরই হাসিমুখে তাঁর হাতে চুম্বন করেন আমির। সেই মুহূর্তে উপস্থিত অতিথিরা করতালিতে ফেটে পড়েন। গৌরীর মুখেও ধরা পড়ে স্বস্তি ও আনন্দের ছাপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও কিরণ রাওয়ের ছেলে আজাদও। তবে অভিনেতার সন্তান ইরা খান ও জুনেইদ খানকে অনুষ্ঠানে দেখা যায়নি। কয়েক দিন আগে একসঙ্গে আমিরের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারী—রীনা দত্ত, কিরণ রাও এবং গৌরী স্প্র্যাটকে দেখা গেলেও বিয়ের অনুষ্ঠানে রীনা বা কিরণ উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। বিশেষ বিবাহ আইনের অধীনে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে নববধূর সাজে ছিল জড়োয়া গয়না ও ফুলের অলঙ্কার। ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে নতুন জীবনের সূচনা করলেন এই তারকা জুটি।
