33.6 C
Kolkata

পোলিও টিকাকরণে পিছিয়ে কলকাতা!

Must Read

কলকাতা: জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচিতে এ বার রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কলকাতার। স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসের ‘বুথ ডে’-তে শহরে লক্ষ্যমাত্রার মাত্র ৪২ শতাংশ শিশুকে পোলিও টিকা খাওয়ানো সম্ভব হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এ বছর কলকাতায় ৪ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ জন পাঁচ বছরের কম বয়সি শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বুথ ডে-তে টিকা পেয়েছে মাত্র ১ লক্ষ ৮৯ হাজার ৮৮৪ জন শিশু। ফলে রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কলকাতা কার্যত ‘লাস্ট বেঞ্চার’ হয়ে পড়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

স্বাস্থ্য আধিকারিকদের একাংশের মতে, শহরের উচ্চবিত্ত ও সচ্ছল পরিবারের অনেকেই এখনও জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। পাশাপাশি, কিছু শিশুরোগ বিশেষজ্ঞও অভিভাবকদের সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা যথাযথভাবে বোঝাতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, জেলার ছবিটা তুলনায় অনেকটাই আশাব্যঞ্জক। বসিরহাট স্বাস্থ্য জেলা ৮৮ শতাংশ টিকাকরণ সম্পন্ন করে রাজ্যে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর (৮৭ শতাংশ), তৃতীয় স্থানে বাঁকুড়া (৮৬ শতাংশ)। নদিয়া ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে, যেখানে টিকাকরণের হার ৮৫ শতাংশ।
রাজ্য জুড়ে গড় টিকাকরণের হারও কলকাতার তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্বে ২৮টি জেলায় মোট ৮৪ লক্ষ ২৪ হাজার ৫১৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল। বুথ ডে-তে টিকা পেয়েছে ৬৩ লক্ষ ২৬ হাজার ৯৫৬ জন শিশু, অর্থাৎ গড়ে ৭৫ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

কলকাতার তুলনায় হাওড়া ও দার্জিলিংয়ে টিকাকরণের হার ৬৭ শতাংশ। পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় তা ৬৫ শতাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলে সচেতনতা বাড়ানো এবং অভিভাবকদের আরও বেশি করে সরকারি টিকাকরণ কর্মসূচির সঙ্গে যুক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Latest News

আর্জেন্টিনার সঙ্গে তৃণমূলের তুলনা দিলীপের! পার্টি অফিস ‘দখল’ নিয়েও কটাক্ষ বিজেপি নেতার

তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়...

More Articles Like This