ওয়েব ডেস্ক : বুধবার দুপুরে কলকাতার (Kolkata) তারাতলা (Taratala) এলাকায় নির্মীয়মাণ একটি গুদামে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident)। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে তখন বহু শ্রমিক কাজ করছিলেন। নির্মীয়মাণ একটি গুদামের অংশ ভেঙে নামতেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।
প্রত্যক্ষর্শী ও স্থানীয় সূত্রে যাচ্ছে, দুর্ঘটনার সময় নির্মাণস্থলে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ধসের জেরে একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
উদ্ধারকারীরা ক্রেন, গ্যাস কাটার ও অন্যান্য ভারী যন্ত্রপাতির সাহায্যে লোহার বিম কেটে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬ থেকে ৭ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনও কয়েকজনের চিৎকার শোনা যাচ্ছে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও খবর : মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দফতরে ঋতব্রত শিবির
ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে (Hospital) ভর্তি করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে প্রশাসনের তরফে কোনও চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানান, এই মুহূর্তে উদ্ধারকাজই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। নবান্নের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কী কারণে নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
দেখুন অন্য খবর :
