30.6 C
Kolkata

সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ প্রায় দ্বিগুণ, ৫৬ থেকে বেড়ে ১১০ টাকা ঘোষণা সরকারের

Must Read

কলকাতা: রাজ্য বাজেটের (West Bengal State Budget 2026) পর স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারি হাসপাতালগুলিতে ভর্তি রোগীদের জন্য দৈনিক খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে জানান তিনি। সরকারের দাবি, এর ফলে রোগীদের আরও উন্নত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা সম্ভব হবে।

সোমবার বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার সময় রোগীদের খাবারের মান ও বরাদ্দ নিয়ে বিষয়টি সামনে আসে। এরপরই বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “রোগীরা যাতে ভাল করে খেতে পারেন, সেই কারণেই খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।”

শিক্ষা ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সমস্ত স্কুলে পর্যায়ক্রমে পাখা বসানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্কুলগুলিতে ১০০ শতাংশ এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না নিশ্চিত করার জন্য পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এর আগে বাজেটে মিড-ডে মিল প্রকল্পে পড়ুয়া-পিছু বরাদ্দ ৬ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা করা হয়েছে। এর ফলে স্কুলপড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সরকারের আশা।

এদিন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্যও অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে একইসঙ্গে তিনি জানান, এই বাহিনীগুলির কর্মীদের নথিপত্র ও যোগ্যতা নিয়ে পর্যালোচনা করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “ছাঁটাই হবে না, তবে ঝাড়াই-বাছাই হবে। কোথাও শিক্ষাগত যোগ্যতার সমস্যা আছে, কোথাও শারীরিক সক্ষমতার প্রশ্ন রয়েছে। সব কিছু খতিয়ে দেখা হবে।”  স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্র মিলিয়ে বাজেট-পরবর্তী এই ঘোষণাগুলিকে সরকারের জনমুখী পদক্ষেপ হিসেবেই তুলে ধরা হচ্ছে।

Latest News

কালনা-শান্তিপুরে নতুন সেতু, ময়ূরাক্ষীতেও ৪ লেন ব্রিজ! বাজেট ঘোষণায় খুশির হাওয়া দুই জেলায়

কলকাতা: রাজ্য বাজেটে যোগাযোগ পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার মধ্যে বিশেষভাবে...

More Articles Like This