29.9 C
Kolkata

ঘণ্টাখানেকের বৃষ্টিতেই বিপর্যয়! মহেশতলায় ভয়াবহ দুর্ঘটনায় পা হারালেন ব্যক্তি, চিনার পার্কে জলে ডুবল অ্যাপ ক্যাব

Must Read

কলকাতা: মাত্র ঘণ্টাদুয়েকের বৃষ্টিতেই কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় চরম দুর্ভোগের ছবি সামনে এল। একদিকে মহেশতলায় (Maheshtala) নিয়ন্ত্রণ হারানো ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয়ে একটি পা হারালেন এক ব্যক্তি। অন্যদিকে, চিনার পার্কে (Chinar Park) জমা জলের মধ্যে গর্তে পড়ে অর্ধেক ডুবে গেল একটি অ্যাপ ক্যাব। দু’টি ঘটনাই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বৃষ্টি থেকে বাঁচতে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট মোড়ে উড়ালপুলের ১০৯ নম্বর পিলারের নীচে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। সেই সময় জিনজিরা বাজারের দিক থেকে আসা একটি ডাম্পার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের গার্ডওয়ালে ধাক্কা মারে। এরপর সজোরে ধাক্কা লাগে সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির গায়েও।

আরও পড়ুন: বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন, বাজেটের আগে বড় বার্তা মোদির

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়েছে। অন্য পায়ের অবস্থাও আশঙ্কাজনক। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর ঘাতক ডাম্পারটিকে আটক করেছে মহেশতলা জিনজিরা তদন্ত কেন্দ্রের পুলিশ। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এদিকে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে চিনার পার্ক ও কৈখালি এলাকার একাধিক রাস্তা। সেই পরিস্থিতিতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাপ ক্যাব। চিনার পার্কের দিকে যাওয়ার পথে জমা জলের নীচে থাকা একটি গর্তে হঠাৎই চাকা ঢুকে যায় গাড়ির। মুহূর্তের মধ্যে ক্যাবটি অর্ধেক জলে ডুবে আটকে পড়ে।

দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে দু’জন যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গাড়ির দরজা খুলে তাঁদের নিরাপদে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। পরে দীর্ঘ চেষ্টার পর গাড়িটিকে গর্ত থেকে তোলা সম্ভব হয়। স্বল্প সময়ের বৃষ্টিতেই শহর ও শহরতলির একাধিক এলাকায় জল জমার ঘটনায় ফের প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থা এবং রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে।

Latest News

বাজেটের অন্ধ বিরোধীতা নয়, বার্তা মমতার

ওয়েব ডেস্ক : সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Buget 2026)। তার আগে বিশেষ বার্তা দিলেন তৃণমূল...

More Articles Like This