কলকাতা: বাংলায় বিজেপি সরকার (BJP Govt) গঠিত হওয়ায় রাজ্যেও যোগ দিবস (International Yoga Day) বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ তম যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ২১ জুন রয়েছে বাতিল হওয়া নিট-ইউজি পরীক্ষা। অর্থাৎ আগামী রবিবার হতে চলেছে নির্ধারিত ‘নিট ইউজি’ (NEET UG) ২০২৬-এর পুনর্পরীক্ষা। সেই জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার ভোর চারটে থেকেই মিলবে মেট্রো পরিষেবা (Extra Metro Trains Sunday)।
রেড রোডে আয়োজিত ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী যাত্রী এবং NEET-UG পরীক্ষা, ২০২৬-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে, মেট্রো রেলওয়ে আগামী রবিবার ভোর ৪টে থেকে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে পরিষেবা চালু করবে। ভোরবেলার যাতায়াত সহজ করার লক্ষ্যে এই করিডোরগুলিতে অতিরিক্ত পরিষেবা চালু করা হবে। তবে টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রোর সময়সীমায় কোনও পরিবর্তন নেই। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- ব্লু লাইন (Kolkata Metro Blue Line)
ব্লু লাইনে আগামী রবিবার আপ ও ডাউনে ১০৭টি করে মোট ২১৪টি মেট্রো চলবে। ওইদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে পরিষেবা পাওয়া যাবে। ভোর চারটে থেকে সকাল ৮টা পর্যন্ত আপ লাইনে ১৪ মিনিট এবং ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
আরও পড়ুন: আবহাওয়ার বিরাট বদল, দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান-গ্রিন লাইন (Kolkata Metro Green Line)
গ্রিন লাইনে আগামী রবিবার আপ এবং ডাউনে ৮৭টি করে মোট ১৭৩টি মেট্রো চলবে।ওইদিন ভোট চারটেয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে পাওয়া যাবে মেট্রো। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ২ মিনিটে। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত আপে ১৫ মিনিট এবং ডাউনে ১০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।
নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর-ইয়েলো লাইন
আগামী রবিবার ইয়েলো লাইনে ৫৬টি করে মোট ১১২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে ভোর ৪টে ১৮ মিনিটে মেট্রো পাওয়া যাবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে ভোর ৪টে ৪০ মিনিটে মিলবে প্রথম মেট্রো। আপ এবং ডাউন লাইনে ভোর ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত যথাক্রমে ১৮ এবং ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।
