কলকাতা: আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে বর্ষা (Monsoon In West Bengal) প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বস্তি পাননি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন ধরে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। মাঝেমধ্যে দু’এক পশলা বৃষ্টি (Rain) হলেও তা দীর্ঘস্থায়ী স্বস্তি এনে দিতে পারেনি। তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে (Weather Forecast) মিলেছে আশার খবর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী-সহ বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা ও অস্বস্তি কিছুটা কমাতে পারে।
বিকেলের বৃষ্টিতে ভিজবে কলকাতা
বুধবার সকাল থেকেই কলকাতার (Kolkata Weather) আকাশে রোদের দাপট দেখা গিয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর থেকে শহরের আকাশে মেঘ জমতে শুরু করতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি পেতে পারে শহরবাসী।
আরও পড়ুন: ঝাঁটা হাতে গঙ্গাঘাট সাফাইয়ে মুখ্যমন্ত্রী! পরিচ্ছন্নতা অভিযানে শুভেন্দুর সঙ্গী অগ্নিমিত্রা, তাপস
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
উত্তরবঙ্গে (North Bengal Weather) ইতিমধ্যেই সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব। সেখানে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দেখুন আরও খবর:
