মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাতিলের দাবি, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শতদ্রু দত্ত

Must Read

কলকাতা: মেসির (Messi) কথিত ভারত সফর ঘিরে বিতর্কে নতুন মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) কলকাতা হাইকোর্টের (High Court) সিঙ্গল বেঞ্চ যে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল, তা প্রত্যাহারের দাবিতে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

এই মামলায় তদন্তকারী সংস্থা একাধিকবার অরূপ বিশ্বাসকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। এরপর গ্রেপ্তারির আশঙ্কা থেকে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। সিঙ্গল বেঞ্চ তাঁকে সাময়িক স্বস্তি দিয়ে জানায়, আপাতত গ্রেফতারের মতো কঠোর পদক্ষেপ করা যাবে না।

আরও পড়ুন: ‘মহিলা সাংসদদের নিয়ে অসম্মানজনক মন্তব্য’, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের

তবে আদালত কয়েকটি শর্তও আরোপ করে। নির্দেশ দেওয়া হয়, আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। একই সঙ্গে মামলার প্রেক্ষিতে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে আদালত কড়া পর্যবেক্ষণও করেছিল।

অভিযোগ, আদালতের সুরক্ষা পাওয়ার পরও তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি অরূপ বিশ্বাস। ১৫ জুনের নির্ধারিত হাজিরাও তিনি এড়িয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন শতদ্রু দত্তের আইনজীবী। আবেদনকারীর বক্তব্য, তদন্তে সহযোগিতা না করলে অভিযুক্তকে রক্ষাকবচ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগেই শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে সন্তুষ্ট নন তিনি। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই ঘোষণার পরই এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল। এখন নজর আগামী সপ্তাহের সম্ভাব্য শুনানির দিকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, অরূপ বিশ্বাস বর্তমানে কোথায় রয়েছেন এবং তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, মেসির কথিত ভারত সফর সংক্রান্ত আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ঘিরে এই মামলা রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোড়ন ফেলেছে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This