কলকাতা: হকার উচ্ছেদ (Hawker Eviction) অভিযান নিয়ে এবার স্পষ্ট ও কড়া অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় চলতে থাকা উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাথ দখল করে কাউকে বসে থাকতে দেওয়া হবে না এবং জনগণের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথ জবরদখল করার অধিকার কারও নেই।”
আরও পড়ুন: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন সরকারি সাহায্য? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
তবে শুধুমাত্র উচ্ছেদ নয়, ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের বিষয়েও ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যেখানে সরকারি খালি জমি রয়েছে এবং তা জনস্বার্থে প্রয়োজনীয় নয়, সেখানে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, “ধাপে ধাপে পুনর্বাসনের জন্য সরকারি প্রকল্প আনা হবে। হকারদের জন্য কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই সুযোগও তাঁরা পাবেন।”
মুখ্যমন্ত্রীর দাবি, কলকাতার বহু এলাকায় ফুটপাথ ও রাস্তা দখলের ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াবুরুজ-সহ একাধিক এলাকার নাম উল্লেখ করে তিনি বলেন, কোথাও এমন পরিস্থিতি তৈরি হতে পারে না যাতে জরুরি যানবাহন বা মোটরসাইকেল পর্যন্ত চলাচল করতে না পারে।
“জনগণ আমাকে মুখ্যমন্ত্রী করেছে তাঁদের স্বার্থ রক্ষার জন্য। কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জনগণের স্বার্থের উপরে হতে পারে না,” মন্তব্য করেন তিনি।
বর্তমানে কলকাতা ও সংলগ্ন এলাকায় রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে বেআইনি দখলমুক্ত করার অভিযান চলছে। দমদম, শিয়ালদহ, নিউ মার্কেট ও যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বেশ কয়েকটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
পুনর্বাসনের রূপরেখা এবং হকারদের জন্য সম্ভাব্য নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত ঘোষণা আগামী দিনে করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
