31.2 C
Kolkata

ফের পুরুলিয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

Must Read

পুরুলিয়া: মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য বরাদ্দ একাধিক সরকারি বালতি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া (Purulia) শহরে। পুরুলিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর কাজল দাসের বাড়ি থেকে ৪১টি বালতি উদ্ধার করেছে পুলিশ ও পুরসভার কর্মীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার পুরুলিয়া সদর থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা যৌথভাবে কাজল দাসের বাড়িতে অভিযান চালান। সেখান থেকেই মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য বরাদ্দ বলে দাবি করা ৪১টি বালতি উদ্ধার করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ১০০ দিনের কাজে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ, মুচলেকা দিয়ে টাকা ফেরতের আশ্বাস! উত্তাল কাটোয়ার খাজুরডিহি

ঘটনার পর প্রাক্তন কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকে অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাজল দাসের স্বামী কার্তিক দাস বলেন, “মিশন নির্মল বাংলার বেশ কিছু প্রকল্প গত দু’বছর ধরে বন্ধ রয়েছে। সেই কারণেই বালতিগুলো বাড়িতে রাখা ছিল।”

তবে এই যুক্তি মানতে নারাজ বিরোধীরা। বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মুখার্জির দাবি, “তৃণমূলের বহু নেতার বাড়িতে খোঁজ করলে সরকারি প্রকল্পের নানা সামগ্রী পাওয়া যাবে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে পুরুলিয়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল। পরে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের জেরে পৌর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়।

বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় প্রাক্তন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত ও অভিযানের ঘটনা সামনে আসছে। সেই আবহেই পুরুলিয়ার এই উদ্ধার ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ কি না, কীভাবে সেগুলি ওই বাড়িতে এল এবং কোনও নিয়মভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Latest News

শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে নিয়ে বড় আপডেট, কবে ঘোষণা হবে ভারতের দল?

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) জন্য আগামী সপ্তাহেই ভারতীয় দল (Team...

More Articles Like This