কলকাতা: জনরোষ (Public Outrage) এবং বিক্ষোভের আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল করা হল তৃণমূল কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ বৈঠক (TMC Counselor Meeting Cancelled)। রবিবার বিকেলে বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় সূত্রের দাবি, বৈঠককে ঘিরে বিক্ষোভ এবং জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছোড়ার সম্ভাবনার খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকস্থলে বিরোধী দলের প্রতিবাদ এবং সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এমনকি কয়েকজন কাউন্সিলরও নিরাপত্তা ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির কথা উল্লেখ করে বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ করেন বলে খবর।
আরও পড়ুন: একা অভিষেকে ভরসা নেই! হাল ফেরাতে তৃণমূলে বড়সড় রদবদল মমতার
এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের কাছে একাধিক বার্তা পৌঁছয়। তারই প্রেক্ষিতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, এমন কোনও ঘটনা ঘটুক যা দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা চাইছে না তৃণমূল নেতৃত্ব।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, শীঘ্রই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে কলকাতায় দলীয় কর্মসূচিকে ঘিরে কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক, তা এড়াতে চেয়েছেন তিনি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন আরও খবর:
