কলকাতা: বর্ষা ঢুকছে আর মাত্র কয়েক দিনের মধ্যে! দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতি বাড়ায় পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনের মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে (Rain Forecast)। আর তার জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট (Weather Update)।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি সক্রিয় ঘূর্ণাবর্তই এই দ্রুত বর্ষা অগ্রগতির মূল কারণ। অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি থাকায় মৌসুমি বায়ু এবার স্বাভাবিক সময়ের কাছাকাছি বা কিছুটা আগেই বাংলায় ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে যেতে পারে।
আরও পড়ুন: ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা
বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সকাল-সন্ধ্যার যাতায়াতে ভোগান্তি বাড়তে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বর্ষা ঢোকার পর তাপমাত্রা দ্রুত কমবে। গত কয়েক সপ্তাহ ধরে যে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে কাবু করে রেখেছিল, তা অনেকটাই কমে যাবে। তবে একই সঙ্গে শহরাঞ্চলে জল জমা, যানজট এবং নিচু এলাকায় জলবন্দির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও থাকছে সতর্কতায়।
প্রসঙ্গত, কয়েক দিনের মধ্যেই বাংলার আকাশে বদল আসতে চলেছে স্পষ্টভাবে। গরমের দাপট কাটিয়ে শুরু হতে পারে টানা বর্ষার অধ্যায়।
