কলকাতা: বিধানসভায় (West Bengal Assembly) প্রধান বিরোধী দলের মর্যাদা ধরে রাখাকে এখন কার্যত অস্তিত্বের লড়াই হিসেবেই দেখছে তৃণমূল (TMC)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক ভাঙনের জল্পনা এবং দলীয় অস্থিরতার আবহে এবার সেই মর্যাদা বজায় রাখতেই মরিয়া হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। আর সেই লক্ষ্যেই মঙ্গলবার নতুন চিঠি হাতে বিধানসভায় হাজির হন তৃণমূলের দুই বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং অসীমা পাত্র (Asima Patra)। তবে তাঁদের অভিযোগ, স্পিকারের সচিব সেই চিঠি গ্রহণ করতেই অস্বীকার করেছেন।
মঙ্গলবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার রথীন বোসের উদ্দেশে একটি চিঠি জমা দিতে চান কুণাল ও অসীমা। কিন্তু স্পিকার অনুপস্থিত থাকায় তাঁরা সচিবের কাছেই চিঠি জমা দেওয়ার চেষ্টা করেন। কুণাল ঘোষের অভিযোগ, সচিব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর কোনও চিঠি গ্রহণ করবেন না। তৃণমূলের দাবি, সোমবার দলের তরফে জমা দেওয়া একটি চিঠি গ্রহণ করার পরই নাকি স্পিকারের সচিবকে নির্দেশ দেওয়া হয় বিরোধী দলের কাছ থেকে আর কোনও নথি গ্রহণ না করতে।
আরও পড়ুন: আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে ওয়াই চ্যানেলের পথে মমতা তৃণমূল সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে এলেন কারা?
এই ঘটনার পর ক্ষোভ উগরে দেন কুণাল। তাঁর কথায়, “স্পিকার নিজে দেখা করতে চান না, আবার চিঠিও নেওয়া হবে না— সেটা কীভাবে সম্ভব?” তিনি জানান, বাধ্য হয়ে তাঁরা সেই চিঠি স্পিকারের সচিবের চেয়ারে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে আসেন এবং গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করেন। যদিও এই বিষয়ে স্পিকারের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “সই জালিয়াতি নিয়ে অভিযোগ উঠেছে। সিআইডি তদন্ত করছে, ফরেনসিক বিশেষজ্ঞরাও আসছেন। সেই কারণেই হয়তো চিঠি গ্রহণ না করার নির্দেশিকা থাকতে পারে।”
দেখুন আরও খবর:
