দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) গ্রেফতার হলেন তৃণমূলের (TMC) তিন নেতা। ধৃতদের মধ্যে রয়েছেন ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক এলাকার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিপ্লব মণ্ডল, যিনি প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের (Dilip Mondal) ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। পাশাপাশি আটক করা হয়েছে ঠাকুরপুকুর-মহেশতলা পঞ্চায়েত সমিতির সভানেত্রী স্নিগ্ধা মণ্ডল এবং আশুতি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কয়ালকেও।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপর হামলা, মারধর ও ঘরছাড়া করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর এলাকায় একাধিক বিজেপি সমর্থকের উপর অত্যাচার চালানো হয়েছিল। অনেকেই দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি বলেও দাবি বিজেপির।
আরও পড়ুন: দক্ষিণে দহনজ্বালা, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহভর দুই বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
সম্প্রতি নতুন করে কয়েকজন বিজেপি কর্মী থানায় লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এরপরই অভিযান চালিয়ে তিন তৃণমূল নেতাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, ভোট-পরবর্তী হিংসার বহু অভিযোগ এখনও অমীমাংসিত রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি হওয়া উচিত।
অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরনো ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি ফের সামনে আসায় রাজ্যের রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেতে পারে।
