কলকাতা: কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বৈশাখে পারদ নিম্নমুখী ছিল। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে তীব্র রোদে নাজেহাল বঙ্গবাসী। তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা (Kolkata Heatwave)-সহ গোটা দক্ষিণবঙ্গ। গরমে হাঁসফাঁস করছেন শহরবাসী। এই গরম থেকে মুক্তি কবে? কবে নাগাদ বর্ষা ঢুকছে? এ নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। দেশে এ বার নির্ধারিত সময়ের আগেই বর্ষার (Monsoon India) আগমনের ইঙ্গিত মিলছে। দেশে আগামী ১৬ মে তে বর্ষা প্রবেশ করবে।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ মে নাগাদ মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রবেশ করতে পারে। সাধারণত ২০ মে নাগাদ মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছয়। ফলে এ বছর বর্ষা কয়েক দিন আগেই প্রবেশ করতে চলেছে।
আরও পড়ুন: সরানো হল কাকলিকে, কল্যাণ লোকসভার মুখ্যসচেতক
একদিকে উত্তর-পশ্চিম, পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ জারি রয়েছে, অন্যদিকে উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ১৯ মে পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতেও বৃষ্টি ও ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর ভারতে বৃষ্টি ও তাপপ্রবাহ, দুই পরিস্থিতিই একসঙ্গে বজায় থাকবে। ১৫ ও ১৬ মে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে বজ্রঝড়-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। পরের কয়েকদিন সেই তীব্র গরম বহাল থাকবে বলেই পূর্বাভাস।
