ওয়েব ডেস্ক: দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা (Oath Ceremony of Himanta Biswa Sarma)। হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিমন্তের শপথগ্রহণে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।হিমন্তের পর মন্ত্রী হিসাবে নিলেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, চরণ বোরো এবং অজন্তা নিয়োগ। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল অসম গণ পরিষদ বা এজিপি-র প্রধান অতুল বরা।
দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। টানা তৃতীয় বারের জন্য অসমে সরকার গঠন করছে বিজেপি। এদিন সকালে গুয়াহাটির খানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথ নেন হিমন্ত। হিমন্তকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। হিমন্তই প্রথম অকংগ্রেসি নেতা, যিনি পর পর দু’বার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন।এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই গুয়াহাটি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী গুয়াহাটিতে পৌঁছে শুভেচ্ছা জানিয়েছেন অসমবাসীকে। তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিশাল জয়ের পিছনে অসমের বিজেপি নেতাদের বড় অবদান রয়েছে।
আরও পড়ুন: ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম নির্দেশ
এ দিন হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসাও করেন শুভেন্দু। অসমের মুখ্যমন্ত্রীকে শুভেন্দু ‘বড় দাদা’ হিসেবে সম্বোধন করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘হিমন্তজির থেকে অনেক কিছু শেখার আছে।’ অনুপ্রবেশ সমস্যা নিয়ে তিনি সাফ জানিয়েছেন, অসম এবং ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরে যে ভাবে অনুপ্রবেশকারীদের রুখে দেওয়া হয়েছে, বাংলাও ঠিক সেই পথেই হাঁটবে।
