12 C
New York

আজ নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, দিনভর আর কী কী কর্মসূচী?

Must Read

কলকাতা: রাজ্যের নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক সোমবার বসছে নবান্ন (Nabanna) সভাঘরে। সকাল থেকেই নবান্নে জোরকদমে চলছে প্রস্তুতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ‘গার্ড অফ অনার’ দেওয়ার কথা রয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক প্রশাসনিক ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি।

সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকের পর বিকেল ৫টায় নবান্ন সভাঘরে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি, কলকাতার পুলিশ কমিশনার, বিভিন্ন কমিশনারেটের সিপি এবং সব জেলার এসপি-রা। ডাকা হয়েছে জিআরপি-র শীর্ষ কর্তাদেরও। নতুন সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও কঠোরভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। নবান্ন চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করবেন ৩টি গুরুত্বপূর্ণ বৈঠক

এদিকে সল্টলেকের বিজেপি রাজ্য দফতরেও উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিজেপির রাজ্য সদর দফতরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর সম্মানে ২০৭টি পদ্মফুল দিয়ে সাজানো হচ্ছে মঞ্চ। ভারতমাতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতেও মালা দেওয়া হবে। সেখানে শমীক ভট্টাচার্য ও দলের সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলায় সরকার গড়েছে বিজেপি। শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তিনিয়া।

নতুন সরকারের প্রথম বৈঠকে মন্ত্রীদের দফতর বণ্টন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে। শপথের পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “কথা কম, কাজ বেশি” নীতিতেই চলবে নতুন সরকার। সোমবারের বৈঠক সেই বার্তারই প্রথম পরীক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Latest News

গুরুতর অসুস্থ টুটু বসু, ভেন্টিলেশনে মোহনবাগানের ‘অভিভাবক’

কলকাতা: গুরুতর অসুস্থ মোহনবাগান (Mohanbagan) অন্তপ্রাণ স্বপনসাধন বসু (Swapan Sadhan Basu), যাঁকে ময়দান চেনে ‘টুটু বসু’ (Tutu Basu) নামেই।...

More Articles Like This