কলকাতা: রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে বিজেপির নতুন মন্ত্রিসভা। তবে সেই অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, শনিবার এবং রবিবার জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার (Thunderstorm) সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই কলকাতার (Kolkata Weather) আবহাওয়া ছিল অস্থির। শুক্রবার সকাল সাড়ে ছ’টা থেকে শনিবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরে ১.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: শনিবার শপথগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা ব্রিগেড ময়দান চত্বরে!
ঝড়বৃষ্টির জেরে বৈশাখের শেষ লগ্নেও স্বাভাবিকের নীচেই রয়েছে শহরের তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহারে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড হয়ে বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঝড়ের দাপট বেশি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও (North Bengal Weather) শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখুন আরও খবর:
