ওয়েব ডেস্ক : পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রশাসনিক স্বাভাবিকতা ফেরানোর বার্তা দিল বিজেপি (BJP)। শুক্রবার সকালে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের গেটে ঝুলতে থাকা তালা খুলে দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার (Pran Krishna Tapadar)।
স্থানীয় সূত্রে খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই পঞ্চায়েতের (Panchayat) স্বাভাবিক কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছিল। সেই পরিস্থিতিতেই এদিন পঞ্চায়েতে গিয়ে তালা খুলে পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেন বিধায়ক। তাঁর উপস্থিতিতে পঞ্চায়েত চত্বরে শুরু হয় প্রশাসনিক কাজকর্ম।
আরও খবর : ক্ষমতার পালাবদলের পরই বালি খাদানে প্রশাসনের অভিযান
এদিন প্রাণকৃষ্ণ তপাদার (Pran Krishna Tapadar) বলেন, “আজ থেকেই সমস্ত পঞ্চায়েতে স্বাভাবিক কাজকর্ম হবে। সাধারণ মানুষের পরিষেবা কোনওভাবেই বন্ধ রাখা যাবে না।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত যারা তৃণমূল (TMC) করতেন, তাঁদেরই একাংশ এখন দল বদলে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
শুধু পঞ্চায়েত ভবনই নয়, পঞ্চায়েতের ভেতরে থাকা স্বাস্থ্যকেন্দ্রও এদিন পুনরায় চালু করা হয়। ফলে স্বাস্থ্য পরিষেবা ও প্রশাসনিক কাজ ফের আগের ছন্দে ফিরবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। এদিন পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেও সাধারণ মানুষের পরিষেবা সচল রাখার বার্তাকেই গুরুত্ব দিতে চাইছে নতুন প্রশাসন।
দেখুন অন্য খবর :
