কলকাতা: কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Kali Temple) ভবতারিণীর কাছে পুজো দিতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দিয়ে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হবে।
আজ শুক্রবার বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে নিউ টাউনের ওই হোটেলে একটি মধ্যাহ্নভোজে থাকবেন শাহ। ওই হোটেলেই রাত্রিবাস করবেন শাহ। শনিবার সেখান থেকে সোজা চলে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথে নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।রাজনৈতিক মহলের খবর, শুক্রবারের এই বৈঠকেই স্থির হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম। আর শনিবার, ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে দিল্লির পালম বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন তিনি। সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাড হয়ে সড়কপথে তিনি পৌঁছাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং
বিজেপির অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন – মুখ্যমন্ত্রী কে? যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে দলের অন্দরে ও বাইরে একটি নামই সবচেয়ে বেশি জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে, তিনি শুভেন্দু অধিকারী।বাংলার রাজনৈতিক ইতিহাসে কোনও বিরোধী দলনেতা খোদ মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের গড়ে গিয়ে এভাবে দু’-দুবার পরাজিত করছেন, এমন নজির বিরল। শুধু ভবানীপুর নয়, এবার জোড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়ে নন্দীগ্রামেও তৃণমূলের পবিত্র করকে প্রায় ১০ হাজার ভোটে হারিয়েছেন শুভেন্দু। ফলে দলের অন্দরেই রব উঠেছে যে, এই ঐতিহাসিক জয়ের কান্ডারি হিসেবে মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দুই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে চূড়ান্ত সিলমোহর দেবেন অমিত শাহ। শুভেন্দুর নামে শেষপর্যন্ত সিলমোহর পড়বে, না কি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে, তা শুক্রবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যাঁর নাম স্থির হবে, তিনিই সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।
