29 C
Kolkata

অবশেষে গ্রেফতার মালদহ অশান্তির ‘মূলচক্রী’, বাগডোগরা বিমানবন্দরে ধরা পড়লেন মোফাক্কেরুল

Must Read

মালদহ: মালদহের (Maldah) কালিয়াচকে (Kaliachak) অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে গ্রেফতার ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে নির্বাচন কমিশন (Election Commission) জানায়, পালানোর চেষ্টা করার সময় বাগডোগরা বিমানবন্দর (Baghdogra Airport) থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। পেশায় আইনজীবী মোফাক্কেরুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বৃহস্পতিবারই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পরোয়ানা জারির পর থেকেই মোফাক্কেরুলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, মেসেজেরও কোনও জবাব দেননি। শেষমেশ পালানোর ছক ভেস্তে দিয়ে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

আরও পড়ুন: এপ্রিলেই আগুনঝরা গরম! চলতি সপ্তাহেই ৪-৬ ডিগ্রি বাড়বে পারদ

ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল এক সময় রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস শুরু করেন। হাইকোর্টের কাছে তাঁর চেম্বার রয়েছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে কলকাতাতেই থাকেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আসাদউদ্দিন ওয়েইসির দল এমআইএম-এ যোগ দিয়ে ইটাহার কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন। যদিও ভোট পেয়েছিলেন মাত্র ৮৩১টি।

উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে বিক্ষোভকারীরা। বিকেল ৪টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত তাঁদের আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

বিচারকদের উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের অভিযোগও ওঠে। পুলিশের গাড়িতে হামলার চেষ্টা হয় বলে দাবি প্রশাসনের। পাল্টা অভিযোগ, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এমনকি বিচারকদের নিয়ে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় এক আন্দোলনকারী আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপরই নির্বাচন কমিশন জরুরি বৈঠক করে এবং শেষ পর্যন্ত এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রাথমিক তদন্তে স্থানীয়দের প্ররোচিত করার অভিযোগে মোফাক্কেরুলের নামই ‘মূলচক্রী’ হিসেবে উঠে আসে বলে জানিয়েছে কমিশন।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This