ওয়েব ডেস্ক: ২ অক্টোবর ছিল জন্মদিন। সে দিনটাতে নিজেকে যে উপহার দিলেন লভলিনা বরগোহাঁই, তার থেকে দামি কোনও উপহার হতে পারে না। শুক্রবার এশিয়ান গেমসে বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। সর্বসম্মত সিদ্ধান্তে চীনের জিয়ি বাও-কে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বার্থ ডে গার্ল। এই জয়ে ২০১৪ সালে মেরি কমের পর লভলিনাই মেয়েদের বক্সিংয়ে এশিয়ান গেমসে সোনা জিতলেন।
২৯ বছর বয়সি অসমের মেয়ে এই ম্যাচের আগেই ইতিহাস রচনা করেছিলেন। ২০২২-এর হ্যাংঝৌ, এবং এবার নিয়ে পরপর দু’ বার এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে। হ্যাংঝৌতে রুপো জিতেছিলেন লভলিনা, এবার তাই পদকের রং বদলে দিতে বদ্ধপরিকর ছিলেন। জন্মদিনটা তাঁর অত্যন্ত শুভ হল, কাঙ্ক্ষিত সোনা জিতলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের সূচি প্রকাশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু ভারতের অভিযান, কবে ভারত-পাক দ্বৈরথ?
ফাইনালের লড়াইয়ে উচ্চতা এবং নাগাল পাওয়ার অ্যাডভান্টেজ ছিল লভলিনার। লড়াই শুরুও করেছিলেন ইতিবাচক মনোভাব নিয়ে। প্রতিপক্ষকে আঁকড়ে ধরার (ক্লিঞ্চ) আগেই তিনি মুখে কয়েকটি আঘাত পেয়ে যান। অ্যামেচার বক্সিংয়ে নিখুঁত রেকর্ড এবং টানা ১৪টি জয়ের ধারাবাহিকতা নিয়ে লড়াইয়ে নামা বাও প্রতিপক্ষের শরীরে কয়েকটি জোরালো আঘাত হেনে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন।
তবে প্রথম রাউন্ড ৩-২ জেতেন লভলিনা। পাঁচজন বিচারকের মধ্যে তিনজন তাঁর পক্ষে রায় দেন। পরের রাউন্ডে বেশ কয়েকটি পাঞ্চ করতে সক্ষম হন লভলিনা এবং জিতে যান ৪-১ ফলে। ফাইনাল রাউন্ডে ভারতীয় বক্সারের কাজ ছিল নিয়ন্ত্রণ ধরে রাখা এবং রক্ষণ আঁটোসাঁটো করা। সাফল্যের সঙ্গে সেই কাজ করে সোনা জিতে নেন লভলিনা।
