কিউয়ি সফরের দল ঘোষণা পিছিয়ে দিল ভারত

Must Read

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের একদিনের ও টেস্ট স্কোয়াড ঘোষণা পিছিয়ে দিল বিসিসিআই। জানা যাচ্ছে হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণের ফিটনেসের দিকে তাকিয়ে রয়েছেন নির্বাচকরা। পাশাপাশি ঋষভ পন্থের চোটের পরিস্থিতিও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তিন ক্রিকেটারের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই চূড়ান্ত দল বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)।

সূচি অনুযায়ী, ২৮ অক্টোবর নিউজিল্যান্ডের (Newzeland) উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। ৪ নভেম্বর শুরু হওয়ার কথা একদিনের সিরিজ। এরপর ১৯ নভেম্বর থেকে খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ এই সফরের আগে কোনও ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড।

প্রসিধ কৃষ্ণের বাঁ-দিকের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি দেখা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে। ৩০ সেপ্টেম্বরের সেই ম্যাচে পাঁচ ওভার বল করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে মাঠের বাইরে পাঠানো হয়। সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করার পর তাঁর সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। ভারতের পেস আক্রমণে প্রসিধের গুরুত্বের কথা মাথায় রেখে তাঁর ফিটনেসের উপর বিশেষ নজর রয়েছে নির্বাচকদের।

আরও খবর : স্থগিত হল আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক! হঠাৎ কেন সিদ্ধান্ত বদল বিসিসিআইয়ের?

অন্যদিকে, ইরানি কাপ খেলার সময় সাইড স্ট্রেনে আক্রান্ত হন ঋষভ পন্থ। চোটের কারণে ২৪ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত এ দলের প্রথম দু’টি চার দিনের ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। টেস্ট সিরিজের আগে ম্যাচ খেলে নিজের ছন্দ ফিরে পাওয়ার পরিকল্পনা করেছিলেন পন্থ। কিন্তু চোট সেই প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁকেও সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে প্রতিবেদন সূত্রে খবর।

হর্ষিত রানার ফিটনেস পরীক্ষাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জুলাই থেকে সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরের আগে তাঁকে ম্যাচের মতো পরিস্থিতিতে খেলার পরীক্ষা দিতে হতে পারে। সেই পরীক্ষার ফল খতিয়ে দেখেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা। ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে দুই ফরম্যাটের দলেই তাঁকে পাওয়ার বিষয়ে আগ্রহী টিম ম্যানেজমেন্ট।

এদিকে, চার বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ভুবনেশ্বর কুমারও সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভারত এ দলের তৃতীয় চার দিনের ম্যাচ ১০ নভেম্বর শেষ হওয়ার পর ওই প্রস্তুতি ম্যাচ হতে পারে।

Latest News

‘এক কানে শুনতে পাচ্ছেন না কেরলের ছাত্রী’, পুলিশি লাঠিচার্জ ও হেনস্থার অভিযোগে সরব রাহুল

ওয়েব ডেস্ক : এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিক্ষোভে আটক ছাত্রছাত্রী ও যুব কংগ্রেস কর্মীদের উপর...

More Articles Like This