কলকাতা: রাজ্যে জরুরি পুলিশি পরিষেবা (Police Service) আরও দ্রুত ও কার্যকর করতে চালু হতে চলেছে ১১২ জরুরি হেল্পলাইন (112 Helpline)। নবান্নে (Nabanna) পুলিশের একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, আমেরিকার ৯১১ পরিষেবার আদলে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে বিপদের সময়ে ফোন করলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ডিজিপিকে ১১২ হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে এই ধরনের পরিষেবা সফলভাবে চালু রয়েছে। পশ্চিমবঙ্গেও একই মডেল অনুসরণ করে দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশি ব্যবস্থা গড়ে তোলা হবে।
আরও পড়ুন: SIR-এ বাদ পড়াদের সরকারি সুবিধা বন্ধের অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
এই প্রকল্পের জন্য আপাতত একটি বিশেষ পুলিশ যানবাহন বরাদ্দ করা হয়েছে। আগামী বাজেটে আরও দুটি গাড়ি সংযুক্ত করা হবে। পাশাপাশি প্রায় ১,৬০০ পুলিশকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে জরুরি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
এদিন নারী নিরাপত্তা জোরদার করতেও একাধিক উদ্যোগের সূচনা করা হয়। কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে দুর্গাসুরক্ষা স্কোয়াড-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি থানায় চালু করা হয়েছে সাইবার হেল্প ডেস্ক, যাতে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তি করা যায়।
সরকারের দাবি, নাগরিক নিরাপত্তা, নারী সুরক্ষা এবং দ্রুত পুলিশি পরিষেবা নিশ্চিত করতেই এই নতুন উদ্যোগগুলি নেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যজুড়ে ১১২ হেল্পলাইন পরিষেবা আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
