ওয়েব ডেস্ক : রাখিবন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকারের। শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নির্দেশ দিয়েছেন, ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুধু মহিলারাই নন, তাঁদের সঙ্গে থাকা একজন সঙ্গীকেও এই সুবিধা দেওয়া হবে। উৎসবের সময়ে মহিলারা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নিজেদের বাড়িতে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে পরিবহণ দফতর, পুলিশ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিজের বাসভবনে শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাখিবন্ধনের পরিবহণ ব্যবস্থা ছাড়াও রাজ্যের জলমগ্ন পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, চিনির জোগান, আসন্ন আখ মাড়াই মরশুম এবং স্কুলগুলির পরিকাঠামো নিয়েও পর্যালোচনা করেন যোগী (Yogi Adityanath)। মহিলাদের নিরাপত্তার জন্য অ্যান্টি-রোমিও স্কোয়াডগুলিকে সক্রিয় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর : এবার নিজস্ব ক্যান্সারের ওষুধ তৈরি করছে ভারত, ‘স্মার্ট’ RK-251-এ নতুন আশার আলো
বাস চালকদের নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চালকদের নিয়মিত পরীক্ষা ও নজরদারির নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও চালক নেশাগ্রস্ত অবস্থায় বাস চালাতে পারবেন না। বেসরকারি বাসের চালকদের পরিচয় ও তথ্য যাচাই করার পাশাপাশি অটো ও ট্যাক্সি চালকদেরও ভেরিফিকেশনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহণ ও পুলিশ দফতরকে সমন্বয়ের সঙ্গে কাজ করতে বলা হয়েছে।
বৈঠকে রাজ্যের জলমগ্ন ও বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর, গোরখপুর, মেরঠ, সাহারানপুর ও গাজিয়াবাদ-সহ একাধিক এলাকার পরিস্থিতির রিপোর্ট চাওয়া হয়। নিচু এলাকাগুলি চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পাম্পিং স্টেশন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পলি, আবর্জনা বা অন্য কারণে নিকাশি নালা বন্ধ থাকলে দ্রুত পরিষ্কার করার পাশাপাশি নালার উপর থাকা অবৈধ দখল সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের ১৯টি বন্যাকবলিত জেলার পরিস্থিতির উপরও ২৪ ঘণ্টা নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন যোগী।
