পূর্বস্থলীতে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Must Read

বর্ধমান: পূর্বস্থলী (Purbasthali) ১ ব্লকের নাদনঘাট থানার দোলগোবিন্দপুর এলাকায় এক তৃণমূল (TMC) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি ক্লাবঘর থেকে উদ্ধার হয় অসিত দেবনাথ নামে ওই ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

মৃত অসিত দেবনাথ স্থানীয় শ্রীরামপুর অঞ্চলের দোলগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ডেকরেটর ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। এদিন দুপুরে এলাকার মানুষ ক্লাবঘরের ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নাদনঘাট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: বিশ্বভারতীতে ঝালমুড়ি হাতে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ভিডিও ঘিরে বিতর্ক

ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপ ও হুমকির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরিবারের দাবি, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই অসিত দেবনাথকে লাগাতার ভয় দেখানো হচ্ছিল। মৃতের ভাইয়ের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। পরিবারের আরও দাবি, বিজেপির জয়ের পর এলাকায় কিছু ব্যক্তি দলবদল করে বিজেপিতে যোগ দেন এবং তারপর থেকেই অসিতের উপর চাপ তৈরি করা হচ্ছিল।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা সুভাষ পাল বলেন, “আমাদের দলে নব্য বিজেপি বলে এখনও কেউ নেই। জয়ের পর কাউকেই দলে যোগদান করানো হয়নি। এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীদের কোনও যোগ নেই।” পুলিশ সূত্রে খবর, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

Latest News

কালীঘাট মন্দিরের গয়না ‘গায়েব’! দুর্নীতির অভিযোগে CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে সাবর্ণ পরিবার

কলকাতা: কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) পরিচালনা ও সম্পত্তি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ...

More Articles Like This