কলকাতা: নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে উত্তপ্ত পরিস্থিতির জেরে স্ট্র্যান্ড রোডে (Strand Road) জারি হল কড়া নিরাপত্তা। মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে অশান্তি এড়াতে আগেই ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এবার শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক (Millennium Park Closed) ও সংলগ্ন শিপিং জেটি। এর জেরে জলপথে হাওড়া-কলকাতা যাতায়াতকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ। পার্ক থেকে সাধারণ দর্শনার্থীদের বের করে দেওয়া হয়েছে এবং পুরো এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে।
আরও পড়ুন: শুভেন্দুর রোড শো-তে ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ, মামলা দায়ের তৃণমূলের
উল্লেখ্য, গত ৩১ মার্চ সিইও দফতরের সামনে উত্তেজনা ছড়ায়। প্ররোচনামূলক স্লোগান, পুলিশি বাধা অমান্য করে জমায়েত, এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন কলকাতা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ও শচিন সিং-সহ আরও কয়েক জন।
ঘটনার সূত্রপাত ৩০ মার্চ, যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভিনরাজ্যের ভোটারদের নাম বেআইনিভাবে ফর্ম ৬-এর মাধ্যমে রাজ্যের ভোটার তালিকায় তোলা হচ্ছে। পরদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দফতরে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই শিবিরের বিক্ষোভ ও সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্ট্র্যান্ড রোড এলাকা।
পুলিশের দাবি, শান্তি বজায় রাখতেই মিলেনিয়াম পার্ক ও ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিপিং জেটি বন্ধ থাকায় হাওড়া স্টেশনগামী বহু যাত্রীকে সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে, সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগানের অভিযোগকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে লালবাজার। সব মিলিয়ে ভোটের মুখে নিরাপত্তা নিয়ে প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট।

