মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে তৎপর কেন্দ্র, চলতি মাসেই বিশেষ অধিবেশনের সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : বিরোধীদের বিক্ষোভের আবহেই আসন পুনর্বিন্যাস (Delimitation Bill) ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল (Women’s Reservation Bill) পাশ করাতে নতুন করে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Central Government)। চলতি অক্টোবর মাসেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা! সূত্রের খবর, সংসদে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার বিষয়ে আশাবাদী সরকার। সূত্রের দাবি, বিশেষ অধিবেশন ডাকার আগে এক সপ্তাহের নোটিস দেওয়া হতে পারে।

গত ১৭ এপ্রিল বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে যুক্ত ওই বিলে আসন পুনর্বিন্যাসের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। সেই ধাক্কার পর ফের বিলটি সংসদে আনার প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, সংসদে সমর্থন বাড়াতে তামিলনাড়ুর দল ডিএমকের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। লোকসভায় ডিএমকের ২২ জন সাংসদ রয়েছেন। পাশাপাশি কয়েকটি ছোট দলের সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার। আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে আসা ডিএমকের অবস্থান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর :  রেল কাউন্টারে টিকিট কাটলেও মিলবে ১০ লক্ষ টাকার বিমা!

সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের উভয় কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। উপস্থিত থেকে ভোটদানকারী সাংসদদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। লোকসভায় এনডিএর সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

তৃণমূল কংগ্রেসের ২০ জন এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের ছয় জন সাংসদ শাসকপক্ষের দিকে চলে যাওয়ায় সরকারের অবস্থান আগের তুলনায় শক্তিশালী হয়েছে। পাশাপাশি এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) দলের সমর্থন পাওয়ার আশাও করছে কেন্দ্র। আসন ৫০ শতাংশ বাড়ানোর নিশ্চয়তা দেওয়া হলে আলোচনায় আগ্রহী হওয়ার কথা আগে জানিয়েছিলেন ওই দলের নেত্রী সুপ্রিয়া সুলে।

চলতি মাসের ২৬ ও ২৭ অক্টোবর সংবিধান সদনে দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা। সেই কর্মসূচির কথা মাথায় রেখেই বিশেষ অধিবেশনের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বলে সূত্রের খবর।

Latest News

স্বামীকে খুন করে সাপের কামড়ে মৃত্যুর নাটক! স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড আদালতের

ওয়েব ডেস্ক : স্বামীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা। সেই অপরাধে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের (Uttarpradesh)...

More Articles Like This