ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Bhajanlal Sharma)। শনিবার বিকানের ডক্টর করণী সিং স্টেডিয়ামে রাজ্যস্তরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘রাজস্থান সিভিল কোড ২০২৬’ আনার পথে এগোচ্ছে তাঁর সরকার। প্রস্তাবিত আইনের মাধ্যমে রাজ্যের নাগরিকদের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই রাজ্য সরকার কাজ করছে। বেআইনি উপায়, প্রলোভন বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তর রুখতেও আইন করা হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, সরকারের একাধিক কঠোর পদক্ষেপের ফলে রাজ্যে অপরাধ কমেছে এবং শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও শক্তিশালী হয়েছে।
আরও খবর : তানিয়ার পর এবার বাদুড়িয়ার আশাফুল, বেঙ্গালুরুতে জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার যুবক
রাজস্থানের (Rajasthan) উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন ভজনলাল। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে পরিকল্পনা, তার সঙ্গে তাল মিলিয়ে ‘বিকশিত রাজস্থান’ গড়ে তোলার কথা জানান তিনি। তাঁর দাবি, রাজ্যে সড়ক যোগাযোগ ও পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি পাচপদরার এইচপিসিএল রাজস্থান রিফাইনারি প্রকল্প এবং মাহি-বাঁসওয়াড়া পরমাণু বিদ্যুৎ প্রকল্পকে ভবিষ্যতের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন ভজনলাল শর্মা। সরকারি পরিষেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য আধিকারিক ও কর্মীদের হাতে পদক এবং শংসাপত্রও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজস্থান, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের লোকশিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। রাজ্যপাল হরিভাউ বাগাড়ে রাজভবনে এবং বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি বিধানসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
