ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) পদ থেকে সরাতে ফের ইমপিচমেন্ট প্রস্তাব (Impeachment Motion) আনার প্রস্তুতি শুরু করল বিরোধীরা। কংগ্রেসের উদ্যোগে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়েছে বলে সূত্রের খবর। আগামী সপ্তাহের শুরুতেই সংসদে প্রস্তাবের নোটিস জমা দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাবের খসড়া তৈরির কাজ চলছে বলে সূত্রের খবর।
জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে নতুন করে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দুই সদস্যের আপত্তি সংক্রান্ত একটি তদন্ত রিপোর্ট প্রকাশের পর। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনের অন্তত ১৪টি সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর সংক্রান্ত বিষয়ও তাঁদের আপত্তির মধ্যে ছিল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে।
আরও খবর : শেয়ার বাজারে ধস, ১,২৪৭ পয়েন্ট পড়ল সেনসেক্স!
জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার এটি বিরোধীদের প্রথম উদ্যোগ নয়। গত ২৪ এপ্রিল রাজ্যসভার ৭৩ জন বিরোধী সাংসদ তাঁর অপসারণের দাবিতে নোটিস দিয়েছিলেন। সেই নোটিসে ‘প্রমাণিত অসদাচরণ’-এর অভিযোগে মোট ন’টি নির্দিষ্ট অভিযোগের কথা জানিয়েছিল কংগ্রেস। এর আগে ১২ মার্চ একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও রাজ্যসভার চেয়ারম্যান সেই নোটিস খারিজ করে দেন। সূত্রের খবর, এপ্রিলের নোটিস এখনও বিবেচনাধীন রয়েছে। তবে কয়েকজন সাংসদ দলবদল করায় বর্তমান সংসদীয় সমীকরণ অনুযায়ী নতুন করে নোটিস আনার প্রস্তুতি চলছে।
এদিকে নির্বাচন কমিশন রিপোর্টে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, গত এক বছরে এসআইআর-সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কমিশনের দাবি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় লিখিত মতামত, পর্যবেক্ষণ, প্রযুক্তিগত পরামর্শ এবং অভ্যন্তরীণ পর্যালোচনা স্বাভাবিক বিষয়। দুই নির্বাচন কমিশনারের মতামতকে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আনুষ্ঠানিক ভিন্নমত হিসেবে দেখা উচিত নয় বলেও জানিয়েছে কমিশন।
