কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কার্যত উৎসবের আবহ পশ্চিমবঙ্গে। ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাড়ি, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ঠিকানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ প্রজ্জ্বলনের পরিকল্পনা রয়েছে।
কলকাতার গঙ্গার ঘাটে বিশেষ অনুষ্ঠানে জ্বলবে ১ লক্ষ প্রদীপ। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি কলকাতার নবান্ন, মহাকরণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কালীঘাট মন্দিরও আলোয় সাজানোর পরিকল্পনা রয়েছে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে গড়ে ২৫ হাজার করে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে প্রদীপের সংখ্যা ৭০ লক্ষেরও বেশি হতে পারে। এই কর্মসূচিতে পড়ুয়াদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মোদির জন্মদিনেই পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। এই উপলক্ষে অন্নপূর্ণা যোজনার নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর কথা। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, আগস্ট পর্যন্ত এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। সেপ্টেম্বরে আরও প্রায় ১০ লক্ষ মহিলা প্রকল্পের আওতায় এসেছেন। ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ হয়েছে বলে দাবি।
নতুন উপভোক্তাদের মধ্যে কয়েকজনের হাতে অনুষ্ঠানে সরাসরি আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বইমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ‘অন্নপূর্ণা দিবস’-এর সূচনা হওয়ার কথা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা থাকতে পারে বলেও খবর।
এ দিকে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে ‘সেবা সংকল্প অভিযান’। বুধবার কলকাতায় এই কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে কেন্দ্রীয় সরকারের কাজের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও বক্তব্য রাখা হয়।
তবেনন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সরকারি ভাবে এই ধরনের কর্মসূচি হবে না বলে জানানো হয়েছে।
