ওয়েব ডেস্ক : ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।
অভিযোগের ভিত্তি হিসেবে একটি অডিও ক্লিপ আদালতে পেশ করা হয়েছিল। শুনানির সময় সেই অডিও রেকর্ডিং আদালতকক্ষেই শোনেন বিচারপতি। কিন্তু অভিযোগের সপক্ষে তেমন কিছু খুঁজে পাননি বিচারপতি।
আরও খবর : সংশোধনাগারে বেআইনি কার্যকলাপের অভিযোগ, রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
এই পরিস্থিতিতে আগামী ছয় মাস কীর্তি আজাদের (Kirti Azad) বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্ত প্রক্রিয়ায় তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভবানী ভবনে হাজির হতে হবে কীর্তি আজাদকে। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত সাত দিন আগে নোটিস দিতে হবে সিআইডিকে। মামলাটির পরবর্তী শুনানি হবে ছয় সপ্তাহ পর। সেই সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।
