করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের! ২২ সেপ্টেম্বর বন্ধ স্কুল-কলেজ, পিছল উচ্চমাধ্যমিকের পরীক্ষাও

Must Read

কলকাতা: করম পুজো (Karam Puja) উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যে ছুটি ঘোষণা করল সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দিন রাজ্য সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—একাধিক সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কার্যালয়, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ২২ সেপ্টেম্বর ছুটি থাকবে। রাজ্যের চা-বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের জন্যও ওই দিন ছুটি প্রযোজ্য হবে।

এ দিকে করম পুজোর ছুটির প্রভাব পড়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেও। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ২১ সেপ্টেম্বর। এর আগে উপনির্বাচনের কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছিল। এ বার করম পুজোর জন্য ফের বদল করা হল রুটিন।

২২ সেপ্টেম্বর যে সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি আর ওই দিন হচ্ছে না। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পরীক্ষাগুলি পিছিয়ে ১৩ অক্টোবর করা হয়েছে। দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা। তবে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে সূচিতে ফের পরিবর্তন আনা হতে পারে বলেও জানানো হয়েছে।

তিথি অনুযায়ী, পার্শ্ব একাদশীর দিনে করম পুজো পালিত হয়। এই উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে। বিভিন্ন জায়গায় মহিলারা মাটি সংগ্রহ করে তাতে নানা ধরনের শস্যবীজ রোপণ করেন। পুজোর দিন সেই অঙ্কুরিত শস্য দিয়ে বিশেষ আচার পালন করা হয়। চলে নাচ-গান এবং উৎসব।

পুরুলিয়া-সহ রাঢ় বাংলার বিস্তীর্ণ এলাকায় করম উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকাতেও উৎসবটি পালিত হয়।

রাজ্যে আগের সরকারগুলির সময় থেকেই করম পুজো উপলক্ষে ছুটি দেওয়ার রীতি রয়েছে। এ বারও ২২ সেপ্টেম্বর সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য ছুটি বহাল রাখল রাজ্য।

Latest News

বন্দে মাতরমের পর ইউপিআই, ফের কংগ্রেসের বিপরীতে ওমর! মাশুল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে সমর্থন ন্যাশনাল কনফারেন্সের

নয়াদিল্লি: বন্দে মাতরম নিয়ে মতপার্থক্যের পর এ বার ইউপিআই লেনদেনের মাশুল নিয়েও কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের মতবিরোধ প্রকাশ্যে এল।...

More Articles Like This