ওয়েব ডেস্ক : উত্তর-পূর্ব ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে পর্যটকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC)। ‘The Green Escape – 3 States, Ex Guwahati’ নামে ১১ দিন ১০ রাতের একটি বিশেষ ট্যুর প্যাকেজ (Tour Package) ঘোষণা করা হয়েছে। এই সফরে অসম (Assam), মেঘালয় (Meghalaya) এবং অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একাধিক জনপ্রিয় পর্যটনস্থল ঘোরানো হবে।
গুয়াহাটি থেকে শুরু হবে এই যাত্রা। বিমানবন্দর বা রেলস্টেশন থেকে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় দিনে কামাখ্যা মন্দির এবং উমিয়াম লেক ঘুরে শিলং পৌঁছবে দল। এরপর মেঘালয়ের চেরাপুঞ্জি, এলিফ্যান্ট ফলস, নোহকালিকাই জলপ্রপাত, মাওলিনং এবং ডাওকি-সহ একাধিক জায়গা ঘোরানো হবে। ডাওকি সফরের সময় বাংলাদেশ সীমান্ত এবং উমংগট নদী দেখার সুযোগও থাকছে। মেঘালয় পর্ব শেষ করে দল যাবে কাজিরাঙায়। সেখানে ভোরের জঙ্গল সাফারির পরিকল্পনা রয়েছে। তবে কাজিরাঙার সাফারির খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
আরও খবর : দশম পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ, ৩১ অগস্ট থেকে শুরু GDS নিয়োগের রেজিস্ট্রেশন
এরপর সফর এগোবে অরুণাচল প্রদেশের দিকে। পথে থাকছে দিরাং, সেলা পাস, জসওয়ন্ত গড় ওয়ার মেমোরিয়াল এবং জং ফলস। তাওয়াংয়ে পৌঁছনোর পর একটি দিন সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেক, বুম লা পাস এবং ভারত-চিন সীমান্তের দিকে যাওয়ার জন্য রাখা হয়েছে। তবে চিন সীমান্তে যাওয়ার বিষয়টি ভারতীয় সেনার অনুমতির উপর নির্ভরশীল। বুম লা যাওয়ার জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হবে। সফরের শেষ দিকে তাওয়াং মঠ ঘুরে গুয়াহাটিতে ফিরে আসবে পর্যটকদের দল। প্রতি মঙ্গলবার এই ট্যুরের যাত্রা শুরু হওয়ার কথা।
প্যাকেজের খরচ কত?
প্যাকেজের সাধারণ ভাড়া একক যাত্রীর জন্য ৭৯,০৯০ টাকা। দু’জন একসঙ্গে থাকলে খরচ মাথাপিছু ৫৫,৮৪০ টাকা এবং তিনজন থাকলে ৫১,৮৭০ টাকা। শিশুদের ক্ষেত্রে (৫-১১ বছর) শয্যাসহ খরচ ৪১,৪৫০ টাকা এবং শয্যা ছাড়া (২-৪ বছর) ৩০,৩৪০ টাকা। তবে একসঙ্গে ১০ জনের দল গেলে টুইন বা ডাবল শেয়ারিংয়ে মাথাপিছু খরচ ৪৯,১৭০ টাকা থেকে শুরু হচ্ছে।
এই প্যাকেজে ১০ রাতের কমফোর্ট ক্যাটেগরির হোটেল, প্রাতরাশ ও রাতের খাবার, পর্যটন গাড়িতে যাতায়াত ও দর্শনীয় স্থান পরিদর্শন, ট্রাভেল ইনস্যুরেন্স, প্রয়োজনীয় পারমিট এবং GST অন্তর্ভুক্ত রয়েছে। তবে লাঞ্চ, ব্যক্তিগত খরচ, বিমান বা ট্রেনের ভাড়া, ডাওকি বোটিং, কাজিরাঙা সাফারি এবং বুম লা যাওয়ার গাড়ির খরচ আলাদা।
