35 C
Kolkata

শিয়ালদহ-হাওড়ার পর দমদমেও হকার উচ্ছেদ, মধ্যরাতে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক দোকান

Must Read

কলকাতা: শিয়ালদহ (Sealdah) ও হাওড়া (Howrah) স্টেশনের পর এবার দমদম জংশন (Dumdum Junction)। বেআইনি দখলমুক্ত করতে শনিবার গভীর রাতে বড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাইরের রাস্তা, একাধিক জায়গা থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। অভিযানে ব্যবহার করা হয় বুলডোজারও। ভেঙে ফেলা হয় বহু অস্থায়ী দোকান।

মধ্যরাতের এই অভিযানে রীতিমতো উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। দোকান ভাঙা রুখতে হকার ও ব্যবসায়ীদের একাংশ প্রতিবাদে সামিল হন। তবে বিশাল পুলিশবাহিনী এবং রেল পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে অভিযান চালানো হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েই উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

রেল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দমদম স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদারির অভিযোগ ছিল। প্ল্যাটফর্মের পাশাপাশি স্টেশনের বাইরের রাস্তার বড় অংশ জুড়ে গড়ে উঠেছিল অস্থায়ী দোকান। এর ফলে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: সোনারপুর-কাণ্ডের পর রাতারাতি নিরাপত্তা বাড়ল অভিষেকের

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগেই হকারদের উদ্দেশে উচ্ছেদের নোটিস জারি করা হয়েছিল। সেই নোটিস পাওয়ার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত অভিযানে নামে রেল।

রেলের একাংশের দাবি, অতীতে একাধিক বার উচ্ছেদের চেষ্টা হলেও তা সফল হয়নি। স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের মদতে বহু হকার দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ফলে প্রশাসনিক উদ্যোগ বারবার বাধার মুখে পড়েছিল।

সরকার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমে হাওড়া, পরে শিয়ালদহ এবং এবার দমদমে সেই অভিযান চালানো হল। রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রী পরিষেবা ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ।

অভিযানের জেরে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর রুজিরুটি অনিশ্চিত হয়ে পড়েছে। একাধিক দোকান মালিকের অভিযোগ, বিকল্প ব্যবস্থা ছাড়াই তাঁদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। ফলে পরিবার চালানো নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা। তবে রেলের অবস্থান স্পষ্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন চত্বর ও সংলগ্ন রাস্তা দখলমুক্ত রাখতেই এই অভিযান চলবে। ভবিষ্যতেও বেআইনি দখলের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ করা হতে পারে।

Latest News

লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় দুর্নীতি! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

মুর্শিদাবাদ: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে দুর্নীতির (Corruption) অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। ডোমকল পঞ্চায়েত সমিতির (Domkal Panchayat Samiti)...

More Articles Like This