ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। তার মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনও পর্যন্ত ভারতের মৌসম ভবন শুধু নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাই জানিয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’, এই নাম দিয়েছে বাংলাদেশ।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Rain) চলছে। মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্রের নিম্নচাপ এলাকা থেকে রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরে শুক্রবার বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। শনিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও খবর : নাম-প্রতীক ফ্রিজের মধ্যেই নতুন তৎপরতা, কমিশনে তিন বিকল্পের প্রস্তাব কালীঘাট তৃণমূলের
রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শনিবার পর্যন্ত পশ্চিমের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি চলবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
