ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের আন্দোলনে নামছে ইন্ডি জোট (INDIA Bloc)। গত সপ্তাহে টানা তিন দিন প্রতিবাদ কর্মসূচির পর সোমবার ফের দিল্লির রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী নেতারা। আগের কর্মসূচিগুলির তুলনায় এবার জমায়েত আরও বড় হতে পারে বলে সূত্রের খবর। আগের প্রতিবাদে যোগ না দেওয়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও সোমবারের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন।
সূত্রের খবর, সোমবার ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। সেখানে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। বিরোধী নেতারা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপিও জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।
আরও খবর : নতুন ডেপুটি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন প্রকাশ রাজপুরোহিত
জ্ঞানেশ (Gyanesh Kumar)পদত্যাগের দাবিতে গত সপ্তাহ থেকেই দিল্লিতে প্রতিবাদ চালাচ্ছে বিরোধী জোট। মঙ্গলবার সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের দফতরে পৌঁছনোর আগেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেই বৈঠকের পর রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এরপর বিরোধী নেতারা বাসে করে যন্তরমন্তরের উদ্দেশে রওনা দেন। সেখানে রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন তাঁরা। বৃহস্পতিবার রাজঘাটেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছিলেন বিরোধী নেতারা। এবার প্রধান বিচারপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তাঁরা। সোমবারের কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যেতে পারেন বলে সূত্রের খবর। প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকার কথা।
