ওয়েব ডেস্ক: রাজ্য প্রশাসনে এবার আনুগত্য নয়, কাজই হবে শেষ কথা। বিভিন্ন দফতরের সচিবদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিল নবান্ন (Nabanna)। সূত্রের খবর, মুখ্যসচিব (Chief Secretary) মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) ইতিমধ্যেই বিভিন্ন দফতরের শীর্ষ আমলাদের জানিয়ে দিয়েছেন, আগামী দিনে তাঁদের দায়িত্ব, পদায়ন এবং ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে কাজের গতি ও দক্ষতার উপর।
নতুন সরকারের আমলে একাধিক প্রকল্প ও কর্মসূচি চালু হয়েছে। সেই সমস্ত প্রকল্প কত দ্রুত বাস্তবায়িত হচ্ছে, কতটা নির্ভুলভাবে কাজ সম্পন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছতে কতটা সময় লাগছে— এবার সেই সব বিষয়েই নজরদারি বাড়ানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রতিটি দফতরের সচিবদের কাজের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে।
শুধু মুখ্যসচিব নন, আগামী দু’ থেকে তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন দফতরের কাজ সরাসরি মূল্যায়ন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। প্রশাসনের অন্দরে স্পষ্ট বার্তা, প্রকল্প বাস্তবায়নে গাফিলতি বা ধীরগতি বরদাস্ত করা হবে না। কে কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তার উপরই নির্ভর করবে আগামী দিনে তাঁর প্রশাসনিক ভূমিকা।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে তৎপরতা শুরু হয়েছে। গত বুধবার প্রকাশ্যে আনা হয়েছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদনপত্র। পাশাপাশি আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের নামও ঘোষণা করা হয়েছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই তৎপরতা। এদিকে স্বাস্থ্য পরিষেবা নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্প পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা হবে না।
দেখুন আরও খবর:
