বিকেলে ঝড়-বৃষ্টির তাণ্ডব, ১২ জেলায় জারি সতর্কতা!

0
124

কলকাতা: বেলা গড়াতেই ঝড়-বৃষ্টির দাপট। বৃহস্পতিবার বিকেল জুড়ে রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে দফায় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনে দুর্যোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করল আবহাওয়া দফতর (Weather Forecast)। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য জারি হয়েছে সতর্কতা (Rain Update)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এলপিজির সঙ্কটে বিপাকে বেলুড় শ্রমজীবী হাসপাতাল! চলছে কাঠের উনুনে রান্না

শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার কিছুটা কমলেও বজ্রঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা থাকছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকেই দুর্যোগের ছবি স্পষ্ট। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ৫০–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে অস্থির আবহাওয়া বজায় থাকবে। ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here