‘প্রধানমন্ত্রী পদত্যাগ করুন’, ধর্মতলার ধরনামঞ্চ থেকে SIR ইস্যুতে মোদিকে তোপ মমতার

0
35

কলকাতা: এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার (Dharmatala) ধরনামঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগের দাবিও তুললেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “ভোটের আগেই ভোট করে দিচ্ছেন! বড় হনু হয়ে গেছেন! প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার।”

মমতার অভিযোগ, এসআইআর-এর নামে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। তাঁর সাফ বার্তা, “মানুষকে ভোট দিতে দিতে হবে। ভোটাধিকার কেড়ে নিতে দেব না।” ধর্মতলার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি ভুয়ো প্রচার চালাচ্ছে। তিনি বলেন, “বিজেপি বিচ্ছিরি প্রচার করছে। ওরা চিরকালই নেগেটিভ। বাঙালিদের থেকেও অনেকে অনেক বেশি দুর্গাপুজো করেন। তাঁদের কাছে গিয়ে বলছে, আমি নাকি এই রাজ্যে সব মুসলমান ঢুকিয়ে দিয়েছি। দেশ স্বাধীন হয়েছিল তখন কি আমি জন্মেছিলাম?”

আরও পড়ুন: আমরা চেয়ারের সম্মান করি! পুরনো ছবি দেখিয়ে মোদিকে আক্রমণ মমতার

এসআইআর প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, “এসআইআর করে নাম কেটে দিচ্ছে। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না, তাই বেছে বেছে মহিলাদের নাম কাটা হচ্ছে।” উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর পরিচিত এক তরুণীর বিয়ের পর নাম-ঠিকানা বদল হওয়ায় ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে।

এদিনের সভায় সম্প্রতি রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের পদত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাষ্ট্রপতির বঙ্গসফরের সময় রাজ্যপালেরই উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁকে দিল্লিতে ডেকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে বলে অভিযোগ মমতার।

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “কাজের সময় কাজী, কাজ ফুরোলেই পাজি।” কয়েক দিন আগেই আচমকা রাজ্যপালের পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও পদত্যাগের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এর নেপথ্যে বিজেপিরই ভূমিকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here