ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja) উৎসবে রাতভর সরগরম কলকাতার (Kolkata) রাজপথ। প্রতিমা দর্শন আর প্যান্ডেল হপিংয়ের ভিড়ে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে চলছে ট্রাফিক নজরদারি। আর পঞ্চমীর রাতেই আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ছবি সামনে এল। কলকাতা পুলিশের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এক রাতেই ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হয়েছে ৩৩৪টি মামলা। বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ২৮ জন।
পুজোর সময় রাতের রাস্তায় বাইকের বেপরোয়া গতি এবং নিয়ম না মেনে গাড়ি চালানোর প্রবণতা ঠেকানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই শহরের বিভিন্ন রাস্তায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শুধু যানজট সামলানো নয়, দুর্ঘটনা এড়াতে চালকদের নিয়ম মেনে চলার উপরও জোর দেওয়া হচ্ছে।
আরও খবর : ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের জন্য ফলপ্রসূ: বিচারপতি সৌগত ভট্টাচার্য
সূত্রের খবর, পঞ্চমীর রাতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৯২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইকে তিনজন সওয়ারি নিয়ে চলার জন্য মামলা হয়েছে ৩৫টি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৬৫টি মামলা দায়ের হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ৬১ জনের বিরুদ্ধে। এ ছাড়াও অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অভিযোগে আরও ৮১টি মামলা হয়েছে। নজরদারি চলাকালীন বিভিন্ন ঘটনায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৩.৬ লিটার মদ।
