ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর চতুর্থীতে মর্মান্তিক দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali)। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। চরবেড়িয়া বয়ারমারী এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় এবং পুলিশের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। দুর্ঘটনার সময় গাড়িতে সুকুমার মাহাত ছিলেন না বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাস্তায় দু’টি টোটোর মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় একটি টোটোর সঙ্গে প্রাক্তন বিধায়কের গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার জেরে টোটোটি ছিটকে যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ে বলে দাবি। ঘটনাটি চোখের সামনে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
ঘটনা প্রসঙ্গে সুকুমার মাহাত জানিয়েছেন, তাঁর কাছে খবর এসেছে যে দু’টি টোটোর মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় গাড়ির সঙ্গে একটি টোটোর ধাক্কা লাগে। গাড়ির গতি কত ছিল, তা তাঁর জানা নেই বলেও জানিয়েছেন তিনি। দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন এবং আহত হয়েছেন আরও দু’জন—এ কথা জানিয়ে মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন বিধায়ক।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুকুমার মাহাত। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস।
